
কখনো রেস্তোরাঁয়, কখনো সমুদ্রপারে—পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একসঙ্গে দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। গোপনে প্রেম করছেন—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে এবার প্রেমকে আর লুকিয়ে রাখলেন না তারা।
গতকাল শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। পেরির জন্মদিন উপলক্ষে তারা অংশ নেন প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে। মার্কিন বিনোদনমাধ্যম টিএমজেড জানিয়েছে, সেদিন দুজনকে হাত ধরাধরি করে হাসিমুখে বের হতে দেখা যায়। লাল পোশাকে পেরি ও কালো পোশাকে ট্রুডোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এই জুটিকে। তাদের চুম্বনের ছবিও গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
‘পিপল’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় প্রথমবার ঘনিষ্ঠভাবে দেখা যায় তাদের। সেই সাক্ষাতের পর থেকেই তাদের সম্পর্ক আরও গভীর হয়। কেটি পেরির ট্যুরের ফাঁকেও ট্রুডো নাকি ক্যালিফোর্নিয়ায় গিয়ে দেখা করেছেন তার সঙ্গে।
এর আগে, জুনে কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে আসে। এরপর এক মাসের মধ্যেই ট্রুডোর সঙ্গে পেরির সম্পর্কের গুঞ্জন ছড়ায়।
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান রয়েছে—১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস এবং ১১ বছর বয়সী হাদ্রিয়েন।